খুলনায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

খুলনা সড়ক ও জনপথ বিভাগ-১-এর উদ্যোগে নগরীর মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনব্যাপী অভিযান শুরু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর গোয়ালখালী এলাকা থেকে এ অভিযান শুরু হয়ে জোড়া গেট পর্যন্ত পরিচালিত হচ্ছে।
অভিযানটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ এবং সড়কের জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করছেন। অভিযানে খুলনা সড়ক ও জনপথ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক, উপবিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত ও মো: শফিকুল ইসলাম হাওলাদার এবং উপসহকারী প্রকৌশলী মাধুরী সুলতানা, মো. নাজমুল হক ও মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এ ছাড়া অভিযান পরিচালনায় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
দুইদিন ব্যাপী এ অভিযানের মাধ্যমে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণ করে সড়কের জায়গা দখলমুক্ত করার কার্যক্রম চালানো হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব