মুন্সীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান
বেকারি ও ফিলিং স্টেশনসহ ৪ প্রতিষ্ঠানে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেকারি ও একটি ফিলিং স্টেশনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে উপজেলার সিরাজদিখান বাজার ও ফিলিং স্টেশমে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক মো. শাহজাহানের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪১ ধারায় তিনটি বেকারিকে সর্বমোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই আইনের ২৯ ধারা অনুযায়ী অপরাধ- প্রতি ১০ লিটার ডিজেলে ১১০ মিলিলিটার কম সরবরাহ করার প্রমাণ পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভোরের আকাশ