ঈশ্বরগঞ্জে র্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ আটক ৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যাবের মাদকবিরোধী এক ঝটিকা অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চারজন আন্তঃজেলা মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (Probox) জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় ওত পেতে অবস্থান নেয় র্যাবের একটি বিশেষ টিম। এ সময় সন্দেহভাজন একটি Probox গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
প্রাথমিক তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে র্যাব সদস্যরা গাড়িটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করেন। একপর্যায়ে গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। ওই চেম্বার থেকে কৌশলে লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মো. আলা উদ্দিন মিয়া (২০) ও মো. নয়ন সরকার (১৯)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব সূত্র আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার ব্যবহার করত।
অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এনউব