কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরার পরিমাণ ১ হাজার ২৬০ কেজি। পৃথক সিজার মূল্য অনুযায়ী এর দাম ১৫ লাখ ১২ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার সিজার মূল্য ১০ লাখ ৮ হাজার টাকা।
অন্যদিকে, ৬ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে একই বিওপির অপর একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় আরও ৪২০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার সিজার মূল্য ৫ লাখ ৪ হাজার টাকা।
বিজিবির পৃথক দুটি অভিযানে সর্বমোট ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। পৃথক সিজার মূল্যের যোগফল অনুযায়ী জব্দকৃত পণ্যের মোট মূল্য ১৫ লাখ ১২ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব