সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গোরস্থানে দাফনে বাধা

চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পারিবারিক গোরস্থানে দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে ৮৫ বছর বয়সী নুরুল ইসলাম মিয়াজীকে শেষ পর্যন্ত বাড়ির আঙিনায় দাফন করেছেন স্বজনরা।
রোববার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর জানাজা শেষে উপজেলার কুলশী মিয়াজী বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করতে গেলে একই বাড়ির মো. আলমের পরিবারের সদস্যরা বাধা দেন বলে অভিযোগ করেছেন মৃতের স্বজনরা। পরে রাতে বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মিয়াজী রোববার বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা দাফনের প্রস্তুতি নেন। তবে পারিবারিক গোরস্থানে দাফন করতে গেলে মো. আলমের পরিবারের সদস্যদের বাধার মুখে পড়েন তারা। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিষয়টির কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নেন স্বজনরা।
নুরুল ইসলামের ভাগনে খোকন পাটোয়ারী জানান, তার মামার পাঁচ মেয়ে রয়েছে, কোনো ছেলে নেই। দীর্ঘদিন ধরে ব্যবহৃত পারিবারিক গোরস্থানে তাদের পূর্বপুরুষদের দাফন করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করে বিব্রতকর অবস্থা এড়াতে বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নুরুল ইসলামের ভাতিজা মাহবুবুর আলম বলেন, “এটি আমাদের পারিবারিক গোরস্থান। মো. আলম কিছুদিন আগে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন। তবে আদালত কোনো নিষেধাজ্ঞা দেননি বা কোনো রায়ও দেননি।”
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একজন বৃদ্ধের দাফন নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মো. আলমের পরিবারের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা যাবে।
ভোরের আকাশ/ইউএম