সিরাজগঞ্জে হেরোইন ও ইনজেকশন রাখার দায়ে তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো: নজরুল ইসলাম এই রায় ঘোষনা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ ও এনামুল করীম শাহিন এতথ্য নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আব্দুল করিমের স্ত্রী রতনা খাতুন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চর বেতিল গ্রামের মৃত হাছান আলী মোল্লার ছেলে সাহেদ আলী শেখ ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকড়া পূর্বপাড়া মহল্লার মৃত রমজান আলীর ছেলে হেলাল উদ্দিন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩১ জুলাই র্যাব-১২ এর সদস্যরা টহল ডিউটি করার সময় জানতে পারেন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় রতনা খাতুনের বাড়িতে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। সংবাদ পেয়ে রতনা খাতুনের বাড়ি ঘেরাও করে তল্লাশী চালায় র্যাব সদস্যরা। এসময় নগদ ৩৫ হাজার টাকা ও ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৪৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় র্যাবের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ এই মামলায় রতনা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।
অপর দিকে, ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারী এনায়েতপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র্যাব সদস্যরা। চর বেতিল সাহেদ আলীর বাড়িতে হেরোইন ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করে। এসময় সাহেদ আলীকে আটকের পর দেহ তল্লাশী করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় র্যাবের ডিএডি শাহিনুর আলম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ এই মামলায় সাহেদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।
এদিকে, ২০১৯ সালের ২৫ মার্চ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী ষ্টেশন ও আশপাশের এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান উদ্ধারে বিশেষ অভিযান চালায় রেলওয়ে পুলিশ। অভিযান চলাকালে সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন মনসুর আলী ষ্টেশন এলাকায় পৌঁছলে হেলাল উদ্দিন মাদকদ্রব্য বহন করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ। পরে সে স্বীকার করে তার কাছে ১৩পিচ বুফেনান ইনজেকশন আছে। এই ঘটনায় জিআরপি থানার উপপরিদর্শক উজ্জল বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ এই মামলায় আসামী হেলাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।
ভোরের আকাশ/রই