কক্সবাজারে প্রথম এমপি প্রার্থীর ওয়েব পোর্টাল উদ্বোধন

জনগণের সেবা উন্নয়নের পথে-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের ব্যক্তিগত ওয়েব পোর্টাল www.kazalbnp.com এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের নিরিবিলি অর্কিড হোটেলের হলরুমে আনুষ্ঠানিকভাবে ওয়েব পোর্টালটির উদ্বোধন করেন লুৎফুর রহমান কাজল।
রামু উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিদওয়ান আহমেদের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় নির্মিত এই ওয়েব পোর্টালে লুৎফুর রহমান কাজলের সংক্ষিপ্ত জীবনী, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, উন্নয়ন ভাবনা, অতীত কর্মকাণ্ড, আগামী নির্বাচনে অঙ্গীকার ও প্রতিশ্রুতি এবং বিভিন্ন রাজনৈতিক তথ্য উপস্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লুৎফুর রহমান কাজল বলেন, তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে হবে কেন ধানের শীষে ভোট দেওয়া জরুরি। জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক না রাখলে রাজনৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ওয়েব পোর্টাল একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
ওয়েব পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজার জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলায় এটিই প্রথম কোনো সংসদ সদস্য প্রার্থীর ব্যক্তিগত ওয়েব পোর্টাল উদ্বোধনের ঘটনা।
ভোরের আকাশ/নি. ব