চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের চিতলমারী উপজেলায় নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনছুর আলী হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার কুড়ালতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনছুর আলী হাওলাদার বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর মাধবকাটি গ্রামের মৃত তাছের হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মুনছুর আলী হাওলাদার(৭০) চিতলমারী উপজেলার কুড়ালতলা গ্রামের একটি বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করার কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পাশে থাকা বিদ্যুতের তারের ওপর পড়ে যান।
এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই