ক্রীড়াঙ্গনে পরিবর্তন আনবে নতুন কুঁড়ি স্পোর্টস: ক্রীড়া প্রতিমন্ত্রী

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এ আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের আসরে অংশ নিতে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার খেলোয়াড় অনলাইনে নিবন্ধন করেছেন, যা প্রথম আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে তিনি স্টেডিয়ামটি পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে নিবন্ধন করেছিলেন মাত্র ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড়। দ্বিতীয় আসরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ লাখ ২৩ হাজারে। নিবন্ধিত খেলোয়াড়দের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এর মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী বছরের মে বা জুন মাসে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষ করার আশা প্রকাশ করেন তিনি।
আমিনুল হক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য। প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের প্রতিভা বিকাশের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করছে। পাশাপাশি তাঁদের প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা ও পড়াশোনার দায়িত্বও সরকার বহন করবে।
তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আনার পাশাপাশি সামাজিক পরিবর্তনও সম্ভব। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে বিদ্যমান সামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা যাবে। খেলাধুলা সুস্থ জাতি গঠন ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে প্রণীত ক্রীড়া ক্যালেন্ডার অনুযায়ী খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারা বছর খেলাধুলার আয়োজন করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খানের সভাপতিত্বে সভায় হুইপ রকিবুল ইসলাম, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ