সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনে সক্রিয় আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) এসআরবি-৬-এর কাছে তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজন রয়েছেন।
এসআরবি-৬-এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সুন্দরবনে জলদস্যুতা, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতার মধ্যে আলিফ বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যু ও বনদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই আত্মসমর্পণের ফলে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
এসআরবি-৬-এর মিডিয়া সেল জানিয়েছে, আত্মসমর্পণকারী ১৫ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/আ.র