টাঙ্গাইলে মৌসুমী বন্যা প্রস্তুতি প্রকল্পের অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে মৌসুমী বন্যা প্রস্তুতি প্রকল্পের অভিজ্ঞতা ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ রিজিওনাল অফিস এন্ড ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ষ্টার্ট নেটওয়ার্ক সহযোগিতায় ও মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
কর্মশালায় জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো: আখতারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও অনিশ্চয়তার ঝুঁকি ক্রমশ বাড়ছে। তাই, দুর্যোগ মোকাবেলায় আমাদের শুধু ত্রাণের ওপর নির্ভর করলে চলবে না, বরং আগাম প্রস্তুতি, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগকে জোরদার করতে হবে। দুর্যোগের সময় সচেতনতা ও প্রস্তুতি আতঙ্ক নয়, বরং জনগণের সবচেয়ে বড় শক্তি।
অর্জুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ম্যানেজার এডমিন রবিউল ইসলাম, মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ।
কর্মশালায় টাঙ্গাইল সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগন, অর্জুনা, গাবসারা, হুগড়া,মাহমুদ নগর, ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও দুর্যোগ সেচ্ছাসেবক দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/র.ই