রায়পুরে মন্দিরে সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে দুর্গাপূজার সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর দোকানে কাজ করতেন। রাত ৮টার দিকে রায়পুর থানা-পুলিশ তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মন্দিরে সাজসজ্জার কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল হোসেন। পরে তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং শ্রীশ্রী গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, রায়পুর উপজেলার ১৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি তদারকি করেন ইউএনও আজিজুন নাহার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। তাঁরা মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে খোঁজখবর নেন।
ঘটনাটি মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটেজ সংগ্রহ করেছে।
ভোরের আকাশ/এম