একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে মফস্বল সাংবাদিক মোস্তফা খান-এর প্রথম উপন্যাস ‘একটি কলমের দাম’। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সত্য প্রকাশের সংগ্রামকে উপজীব্য করে রচিত এই উপন্যাস ইতোমধ্যে পাঠক ও সাংবাদিক মহলে আগ্রহের সৃষ্টি করেছে। লেখক নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রায়পুরা প্রেসক্লাব-এর সাবেক সভাপতি। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতার আলোকে উপন্যাসটির কাহিনি নির্মিত হয়েছে।
উপন্যাসে একজন মফস্বল সাংবাদিকের কঠিন বাস্তবতা—খণ্ডকালীন বেতন, সীমিত সুযোগ-সুবিধা, রাজনৈতিক চাপ এবং পেশাগত অনিশ্চয়তার মধ্যেও সত্য বলার অদম্য প্রচেষ্টা—জীবন্তভাবে ফুটে উঠেছে। কেন্দ্রীয় চরিত্র তৌহিদুল একজন তরুণ সাংবাদিক, যে সত্য প্রকাশের পথে প্রতিনিয়ত বাধা, হুমকি ও হামলার মুখোমুখি হয়। কখনও রাজনৈতিক প্রভাব, কখনও সম্পাদকীয় সীমাবদ্ধতা কিংবা আর্থিক টানাপোড়েন—তবুও থেমে থাকে না তার কলম।
‘একটি কলমের দাম’ উপন্যাসের প্রতিটি অধ্যায়ে মফস্বল সাংবাদিকতার ত্যাগ, আদর্শের সংগ্রাম ও বিবেকের দায়বোধ তুলে ধরা হয়েছে। বিশেষ করে ‘সংবাদের সৈনিক’ অধ্যায়ে মাঠপর্যায়ের সাংবাদিকদের প্রতিদিনের লড়াই ও প্রাপ্য সম্মান না পাওয়ার বাস্তবতা চিত্রিত হয়েছে। আর শেষ অধ্যায় ‘শেষ কপি’-তে তৌহিদুলের কলম হয়ে ওঠে সমাজের বিবেকের প্রতীক—যা অন্যায়ের আঁধারেও নিভে যায় না।
লেখক মোস্তফা খান বলেন, এই উপন্যাস বাস্তব জীবন থেকে নেওয়া। মফস্বলের সাংবাদিকরা প্রতিদিন মাঠে কাজ করেন, কিন্তু তাদের গল্প কেউ লেখে না। আমি তাদের কথাই লিখেছি—যারা ভয় পেলেও চুপ থাকেন না।
তিনি আরও বলেন, বইটি উৎসর্গ করেছি সারাদেশের সেই সব মফস্বল সাংবাদিকদের প্রতি—যারা নিরাপত্তার চেয়ে দায়িত্বকে বেছে নেন। ভয় পেয়েও কলম নামান না। এই বই তাদের সততা ও নীরব সাহসের প্রতি শ্রদ্ধার প্রতীক।
বইটি প্রকাশ করছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী। মেলায় বইটি পাওয়া যাবে স্টল নং ২৩০-এ। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম, বাতিঘর এবং ইচ্ছে স্বপ্ন ডটকমে প্রি-অর্ডারের সুযোগ থাকছে।
ভোরের আকাশ/এসএইচ