বিপিএ’র নির্বাচন
সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর নবম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আজ ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপিএ প্রধান কার্যালয়, সিআরপি, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ফিজিওথেরাপিস্ট সদস্যবৃন্দ ভোট প্রদান করেন। এছাড়াও দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য অনলাইন ভোটগ্রহণের ব্যবস্থাও ছিল।
নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
নির্বাচনের মাধ্যমে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচডি সভাপতি, ড. মো. ফিরোজ কবির, পিএইচডি সাধারণ সম্পাদক এবং ডা. আমিনুল ইসলাম (পিটি) কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, মহিলা ও কল্যাণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শিক্ষা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট নবম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ সকল নির্বাচিত সদস্য বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন, পেশাজীবীদের অধিকার সংরক্ষণ, শিক্ষা, গবেষণা, সেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার মর্যাদা আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশন, পর্যবেক্ষক এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. মোস্তফা জামান। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন বদরুল হাসান চৌধুরী ও ডা. শাহনাজ সুলতানা (পিটি)।
ভোরের আকাশ/এনউব