৩৬ জুলাইয়ে তরুণরা বীরের মতো লড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থানের ৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে সাহস ও শক্তি জুগিয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ নাসিব হাসান রিয়ান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের ছেলে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময়ে যে সাহস দেখানো সম্ভব হয়নি, ৩৬ জুলাইয়ে তরুণরা সেই সাহস দেখিয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তরুণরা বীরের মতো লড়াই করেছে। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তরুণদের বড় ধরনের ত্যাগ রয়েছে। তাদের অবদানের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শহীদ নাসিব হাসান রিয়ানের অবদান স্মরণ করে মন্ত্রী বলেন, এত অল্প বয়সে তার শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সন্তান হারানোর শোক যে কতটা গভীর, তা শুধু ভুক্তভোগী পরিবারই উপলব্ধি করতে পারে। সন্তান হারানো বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তাঁর জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই পরিস্থিতিতে কেবল শোক প্রকাশ করা এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থেকে সমবেদনা জানানো সম্ভব। সন্তান হারানোর এই গভীর কষ্ট ও বেদনা অন্য কেউ পুরোপুরি অনুভব করতে পারে না।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উপস্থিত শহীদ রিয়ানের বাবা মো. গোলাম রাজ্জাককে তিনি সান্ত্বনা দেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ