আইইউবিএটিতে নার্সিং শিক্ষার্থীদের দীক্ষা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
মানবসেবা, সহমর্মিতা, পেশাগত নৈতিকতা ও দক্ষতার আদর্শে নতুন প্রজন্মের নার্স গড়ে তোলার প্রত্যয়ে আইইউবিএটির (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি) কলেজ অব নার্সিংয়ের নবীন শিক্ষার্থীদের দীক্ষা, প্রদীপ প্রজ্জ্বলন এবং পেশাগত শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে রোববার (১৯ জুলাই) নবীন শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নার্সিং পেশায় তাদের যাত্রা শুরু করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজ অব নার্সিংয়ের চেয়ার ও সহযোগী অধ্যাপক ড. স্যান্ড্রা রুমি মধু। তিনি বলেন, নার্সিং কেবল একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহৎ অঙ্গীকার। জ্ঞান, দক্ষতা, সহমর্মিতা ও পেশাগত নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নার্স হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের নার্সিং সেবা বিভাগের প্রধান নান্টি গৌথামি সানি বলেন, একজন দক্ষ নার্স রোগীর চিকিৎসা ও সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আন্তরিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন তিনি।
আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দক্ষ ও মানবিক নার্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও পেশাগত দায়িত্ববোধ ধারণ করে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, নার্সিং এমন একটি পেশা, যেখানে জ্ঞান, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে মানুষের জীবন রক্ষা করা হয়। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা ধারণ করে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড, ইউনিকো হাসপাতালস লিমিটেড, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ড্যাফোডিল নার্সিং কলেজ, এনাম নার্সিং কলেজ, গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, স্টেট নার্সিং কলেজ, বাংলাদেশ নার্সিং কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস জেনারেল হাসপাতাল ও নার্সিং কলেজ, আহ্ছানিয়া ক্যান্সার মিশন হাসপাতাল, সাজেদা ফাউন্ডেশন, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তরাধিকার’ শীর্ষক প্রতীকী ছায়ানাট্য। এতে আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবা, আত্মত্যাগ ও পেশাগত আদর্শ তুলে ধরা হয়।
পরে নবীন শিক্ষার্থীরা প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন এবং পেশাগত শপথ গ্রহণের মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা, সততা, নৈতিকতা ও সর্বোচ্চ পেশাগত মান বজায় রেখে রোগীর সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে কলেজ অব নার্সিংয়ের কো-অর্ডিনেটর ও সহযোগী অধ্যাপক শুভাশীষ দাস বালা উপস্থিত অতিথি, বিভিন্ন হাসপাতাল ও নার্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করে, জ্ঞান, সহমর্মিতা, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষের সমন্বয়ে তারা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং মানবসেবায় নিজেদের নিবেদিত রাখবেন।
ভোরের আকাশ/সু.পা
