বিশেষ

নবজাতকের জীবনরক্ষায় বিএমইউতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

ছবি: সংগৃহীত

সংকটাপন্ন নবজাতকের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং নবজাতকের অসুস্থতা ও মৃত্যুঝুঁকি কমানোর লক্ষ্যে রাজধানীতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘ওয়ার্কশপ অন নিওনেটাল মেকানিক্যাল ভেন্টিলেশন ফর ডক্টরস’ শীর্ষক এ কর্মশালা ১২ থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ও প্রো-ভাইস-চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

এতে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মাহবুবুল হক এবং বিএমইউর নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান।

এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সুফিয়া খাতুন, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. মো. খালেদ নূর, অধ্যাপক ডা. বেগম শারিফুন নাহার এবং বিএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

বিদেশি প্রশিক্ষক হিসেবে অংশ নেন সিঙ্গাপুরের কে কে উইমেনস অ্যান্ড চিলড্রেনস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুল আলিম, ডা. নির্মল, ডা. কৃষ্ণা ও ডা. আসিফ। তাঁদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী চিকিৎসকেরা নবজাতকের শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ব্যবস্থাপনা এবং আধুনিক মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পান।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের নবজাতক বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসকেরা কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণে নবজাতকের শ্বাসকষ্ট মূল্যায়ন, মেকানিক্যাল ভেন্টিলেশনের উপযুক্ত পদ্ধতি নির্বাচন, ভেন্টিলেটরের বিভিন্ন মোড ও সেটিংস নির্ধারণ এবং সংকটাপন্ন নবজাতকের শ্বাস-প্রশ্বাস ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নবজাতকের নিবিড় পরিচর্যায় মেকানিক্যাল ভেন্টিলেশন একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী চিকিৎসাপদ্ধতি। বিশেষ করে অপরিণত নবজাতক, তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত শিশু এবং অন্যান্য জটিল শারীরিক অবস্থায় থাকা নবজাতকের চিকিৎসায় ভেন্টিলেটরের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী ভেন্টিলেশনের উপযুক্ত পদ্ধতি নির্বাচন, প্রয়োজনীয় সেটিংস নির্ধারণ এবং চিকিৎসাকালে নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা প্রয়োজন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ চিকিৎসকদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নবজাতকের জটিল রোগ ব্যবস্থাপনায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে চিকিৎসকেরা নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে সেবার মানোন্নয়ন, চিকিৎসাজনিত জটিলতা হ্রাস এবং নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন।

কর্মশালায় বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল বেক্সিমকো ফার্মা ও ইনোজেন সিস্টেম। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ দেশের নবজাতক চিকিৎসাব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করে তুলবে। একই সঙ্গে সংকটাপন্ন নবজাতকের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং তাদের অসুস্থতা ও মৃত্যুঝুঁকি কমানোর প্রচেষ্টাও আরও গতিশীল হবে।

ভোরের আকাশ/সু.পা