স্বাস্থ্য সেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা

আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও বিকেন্দ্রীকরণ করতে হবে

ছবি- ভোরের আকাশ

চিকিৎসা ব্যবস্থাকে আরও মানবিক, আধুনিক ও বিকেন্দ্রীকরণ করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে দেওয়া এক বক্তব্যের উল্লেখযোগ্য অংশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, চিকিৎসকরা রোগাক্রান্ত মানুষের প্রকৃত বন্ধু। একজন চিকিৎসকের আন্তরিক ব্যবহার ও পরামর্শ রোগীর জন্য ঔষধের মতোই কার্যকর ভূমিকা রাখে। তাই চিকিৎসা পেশায় শুধু পেশাগত দক্ষতা নয়, মানবিক গুণাবলীও অপরিহার্য।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য “সুস্বাস্থ্যের বাংলাদেশ” গঠন। তিনি উল্লেখ করেন, চিকিৎসা ব্যবস্থায় মূল নীতি হওয়া উচিত “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর”—অর্থাৎ রোগ প্রতিরোধই সবচেয়ে কার্যকর পদ্ধতি। উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা এখনও মূলত রাজধানীকেন্দ্রিক। জেলা ও উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীদের ঢাকামুখী হওয়ার চাপ কমবে এবং স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর হবে। এজন্য স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি।

তারেক রহমান দাবি করেন, দেশে মোট মৃত্যুর বড় অংশ অসংক্রামক রোগজনিত। তাই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের স্ক্রিনিং উপজেলা পর্যায় থেকেই নিয়মিতভাবে করা প্রয়োজন। পাশাপাশি জনসচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারাই দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল চালিকাশক্তি। প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের ভূমিকা অপরিহার্য। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও জানান, পর্যায়ক্রমে ই-হেলথ কার্ড চালু এবং জাতীয় স্বাস্থ্যবিমা ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যাতে নাগরিকরা সহজে ও আর্থিক চাপ ছাড়াই চিকিৎসা সেবা পেতে পারেন। মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্যখাতে জনবল ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।

শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, একটি সুস্থ জাতি গঠনে তারাই মূল ভূমিকা পালন করবেন।

আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও বিকেন্দ্রীকরণ করতে হবে | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ