স্বাস্থ্য সেবা

লিভার ডিজিজে বিপদসংকেত

বিশ্বে ঝুঁকিতে ১৮০ কোটি মানুষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে মেটাবলিক লিভার রোগের ঝুঁকি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে প্রায় ১৮০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। স্থুলতা ও রক্তে অতিরিক্ত শর্করার মাত্রা বৃদ্ধিই এর প্রধান কারণ বলে জানিয়েছে নতুন এক গবেষণা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল বার্ডেন অব ডিজিজেস, ইনজ্যুরিস, অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস স্টাডি (জিবিডি)–এর তথ্যের ভিত্তিতে এই গবেষণা পরিচালিত হয়েছে। এর ফলাফল প্রকাশিত হয়েছে ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি জার্নালে।

গবেষণা অনুযায়ী, মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এমএএসএলডি)—যা আগে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত ছিল—বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বিস্তার লাভ করা লিভারের রোগ। বর্তমানে প্রায় ১৩০ কোটি মানুষ এই রোগ নিয়ে জীবনযাপন করছেন।

গত তিন দশকে এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১৪৩ শতাংশ। ১৯৯০ সালে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫০ কোটি, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটিতে। পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা আরও ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮০ কোটিতে পৌঁছাবে। বর্তমানে বিশ্বে প্রতি ছয়জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত। ২০২৩ সালে প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ১৪ হাজার ৪২৯ জনের মধ্যে এই রোগের উপস্থিতি পাওয়া গেছে, যা ১৯৯০ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। বিশেষ করে বয়স্কদের মধ্যে এর হার সর্বোচ্চ হলেও সংখ্যার বিচারে তুলনামূলক কম বয়সীদের মধ্যেই আক্রান্ত বেশি—পুরুষদের ক্ষেত্রে ৩৫ থেকে ৩৯ বছর এবং নারীদের ক্ষেত্রে ৫৫ থেকে ৫৯ বছর বয়সে।

বিশেষজ্ঞদের মতে, এই রোগ বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রাখছে রক্তে উচ্চ শর্করা, উচ্চ বিএমআই এবং ধূমপান। টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া অঞ্চলভেদে বৈষম্যও দেখা গেছে। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে এই রোগের হার তুলনামূলক বেশি হলেও, সামগ্রিকভাবে বিশ্বের প্রায় সব দেশেই আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই লিভার রোগ বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

ভোরের আকাশ/সু.পা

বিশ্বে ঝুঁকিতে ১৮০ কোটি মানুষ | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ