স্বাস্থ্য সেবা

ধনী-গরিব সবার জন্য ওষুধ সহজলভ্য করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ছবি: সংগৃহীত

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, নতুন ওষুধ উদ্ভাবনের পাশাপাশি ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য এসব ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ওষুধ আবিষ্কার, ন্যানোচিকিৎসা ও লক্ষ্যভিত্তিক চিকিৎসাপদ্ধতি ওষুধবিজ্ঞানে নতুন সম্ভাবনা তৈরি করছে। এসব প্রযুক্তি ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, নতুন ওষুধ উদ্ভাবনের পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোর বিষয়টিও গবেষকদের বিবেচনায় নিতে হবে। প্রযুক্তিগত উন্নয়নের সুফল যেন শুধু সচ্ছল মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করা জরুরি। উন্নত প্রযুক্তির সঙ্গে মানবিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে আর্থিক সামর্থ্যনির্বিশেষে সবার চিকিৎসার সুযোগ তৈরি করতে হবে।

গবেষক ও শিক্ষার্থীদের নতুন ধারণা নিয়ে কাজ করা এবং বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, মানবকল্যাণকে গবেষণার মূল লক্ষ্য হিসেবে নিতে হবে। ওষুধ গবেষণায় তথ্যের সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে মানুষের আস্থা ধরে রাখতে এসব নীতির বিকল্প নেই।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক মামুন আহমেদ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার ড. মোহাম্মদ ফৌজি আবদুল জলিল এবং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার সাহা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ ও এম এ কাশেম উপস্থিত ছিলেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত ও শ্রীলঙ্কাসহ ১১টি দেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এ সম্মেলনের প্রতিপাদ্য ‘বিশ্বস্বাস্থ্যের উন্নয়নে ওষুধবিজ্ঞানে উদ্ভাবন’।

 

ভোরের আকাশ/সু.পা

ধনী-গরিব সবার জন্য ওষুধ সহজলভ্য করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের | স্বাস্থ্য কথা