শিশুর সার্বিক বিকাশে সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত
শিশুর অধিকার নিশ্চিত করা ও তাদের শারীরিক-মানসিক বিকাশে নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, শিশুর মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা হচ্ছে। নারী ও শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুবান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচিতে ইতোমধ্যে ১ লাখ ৪৫ হাজার শিশু বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।
তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাদের খেলাধুলা, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এর আগে, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক তিন দিনব্যাপী ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বুধবার ছিল এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছা. আরজু আরা বেগম।
এ সময় বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু অধিকারবিষয়ক সংস্থার প্রতিনিধি, সাহিত্যিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন জেলার শিশু একাডেমির শিশুরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা



