ফার্মা মাইক্রোবায়োলজিস্ট ফোরামের পুনর্মিলনী-২০২৬ সম্পন্ন

ছবি- ভোরের আকাশ
ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফোরাম, বাংলাদেশ-এর আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় রাজধানীর মিরপুর-১০ এলাকার বেই লিফ রেস্টুরেন্টে, প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সদস্য, সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট, অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। শুরুতে অতিথি অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য, সদস্য পরিচিতি পর্ব, ফোরামের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সদস্য ও বিশেষ অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এছাড়া গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও আপ্যায়নের আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। ফোরামের কনভেনর মনোজিৎ কুমার রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে এবং ভবিষ্যতেও এ বন্ধন অটুট থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবিএল ফার্মার হেড অব কোয়ালিটি মাইক্রোবায়োলজিস্ট আছিয়া আক্তার খানম, ড. শুভময় দত্ত (প্রাক্তন ভিসি, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়), মো. হারুনুর রশিদ (প্রাক্তন ডেপুটি ডিরেক্টর, ঔষধ প্রশাসন অধিদপ্তর), সাইফুল ইসলাম (এক্সিকিউটিভ ডিরেক্টর, ঔষধ শিল্প সমিতি), ড. মো. ইব্রাহিম খলিল (সিনিয়র ম্যানেজার, মাইক্রোবায়োলজি, হেলথকেয়ার ফার্মা) এবং ফারজানা লতিফ (সিনিয়র ম্যানেজার, মাইক্রোবায়োলজি, স্কয়ার ফার্মা)। তাঁরা ফোরামের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ দিকনির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর।
তাঁরা বলেন, ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট ও সংশ্লিষ্ট পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা দেশের ওষুধ শিল্পকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে তরুণ পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, গবেষণামুখী কার্যক্রমে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কাজের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠান আয়োজনে সন্তোষ প্রকাশ করে ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফোরাম ভবিষ্যতে এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে। কনভেনর মনোজিৎ কুমার রায় জানান, ভবিষ্যতেও সদস্যদের পেশাগত উন্নয়ন, সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা
