গর্ভাবস্থায় ভিটামিন সি-এর ঘাটতিতে শিশুর আচরণে প্রভাব!

ছবি: সংগৃহীত
গর্ভাবস্থায় মায়ের পুষ্টির সঙ্গে গর্ভস্থ সন্তানের শারীরিক ও মানসিক বিকাশের গভীর সম্পর্ক রয়েছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, এ সময় মায়ের শরীরে ভিটামিন সি-এর ঘাটতি থাকলে জন্মের পর শিশুর আচরণেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে ছয় মাস বয়সে শিশুর মধ্যে খিটখিটে মেজাজ, অস্থিরতা ও সহজে কান্নার প্রবণতা দেখা দিতে পারে।
‘ডেভেলপমেন্টাল সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে ৩০০ জনের বেশি অন্তঃসত্ত্বা নারীর তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকেরা। গর্ভাবস্থায় খাবার ও সম্পূরক খাদ্যের মাধ্যমে তাঁদের ভিটামিন সি গ্রহণের পরিমাণের পাশাপাশি মানসিক চাপ, উদ্বেগ ও অবসাদের মাত্রাও পর্যালোচনা করা হয়।
শিশুদের বয়স ছয় মাস পূর্ণ হলে তাদের মা-বাবার কাছ থেকে আচরণ ও মেজাজ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন গবেষকেরা। এতে দেখা যায়, যেসব মা গর্ভাবস্থায় তুলনামূলক কম ভিটামিন সি গ্রহণ করেছেন, তাঁদের সন্তানদের মধ্যে নেতিবাচক আবেগ প্রকাশের প্রবণতা বেশি। এসব শিশুর সহজে বিরক্ত হওয়া, অস্থিরতা এবং সামান্য অস্বস্তিতেই কান্নাকাটির মতো আচরণ দেখা গেছে।
গবেষকদের মতে, গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপের প্রভাব খাবার গ্রহণ ও পুষ্টির ওপরও পড়তে পারে। এর ফলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এমন ঘাটতির সঙ্গে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ এবং পরবর্তী সময়ে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের সক্ষমতার সম্পর্ক থাকতে পারে।
গবেষণায় ভিটামিন সি সম্পূরক গ্রহণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। গবেষকদের ধারণা, ভিটামিন সি-এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য মানসিক চাপের ক্ষতিকর প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে।
তবে গবেষণাটি গর্ভাবস্থায় ভিটামিন সি-এর ঘাটতি ও শিশুর আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিত দিয়েছে মাত্র; সরাসরি কারণ-সম্পর্ক প্রমাণ করেনি। তাই গর্ভাবস্থায় পুষ্টির বিষয়ে সচেতন থাকার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সম্পূরক গ্রহণ করা উচিত নয়।
ভোরের আকাশ/সু.পা



