মানহীন মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
চিকিৎসা শিক্ষার মান নিশ্চিত করতে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে সরকার। রাজনৈতিক চাপ কিংবা প্রভাবশালী মহলের সুপারিশে মানহীন কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। রোগীদের নিরাপত্তা ও চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ডা. এম এ মুহিত বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়নি। এ সিদ্ধান্তের কারণে প্রভাবশালী বিভিন্ন মহল থেকে তীব্র চাপ আসছে। তবে নির্ধারিত মান ও শর্ত পূরণ না করলে কাউকেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠা কিংবা রোগী না দেখেই চিকিৎসক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি চলতে পারে না। চিকিৎসা শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা ও রোগীসেবার নিবিড় সম্পর্ক থাকতে হবে।
দেশে চিকিৎসা শিক্ষার বৈষম্য ও ভৌগোলিক অসম বণ্টনের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মেডিকেল ও ডেন্টাল কলেজ ঢাকা বিভাগে অবস্থিত। অথচ বাকি সাতটি বিভাগে এ ক্ষেত্রে স্পষ্ট ভারসাম্যহীনতা রয়েছে। সংসদ কিংবা রাজনৈতিক বক্তব্যে যখন-তখন নিজ জেলা বা উপজেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি তোলার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বরং পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতে হবে।
চিকিৎসা শিক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করে ডা. মুহিত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের (ডব্লিউএফএমই) নীতিমালা অনুসরণ করে অ্যাক্রিডিটেশন অর্জন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের বৈশ্বিক কর্মক্ষেত্র সংকুচিত হয়ে পড়বে। চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও মানুষের আস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মান বজায় রাখা এখন অপরিহার্য।
বিদেশ থেকে চিকিৎসা বিষয়ে ডিগ্রি নিয়ে আসা শিক্ষার্থীদের প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি বিদেশ থেকে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে আসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন পরীক্ষায় মাত্র ৩০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। তাই সন্তানদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে বিদেশে পড়তে পাঠানোর আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান যাচাই করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/সু.পা



