স্বাস্থ্য সেবা

হাম মোকাবিলায় ‘স্কশিয়া কনসালট্যান্টসে’র চিকিৎসা সরঞ্জাম সহায়তা

ছবি: সংগৃহীত

দেশে হাম রোগের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় ভেন্টিলেটরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের জরুরি জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম দিয়েছে কানাডাভিত্তিক ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কক্ষে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়। স্কশিয়া কনসালট্যান্টসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম সরঞ্জামগুলো স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে দেন।

চিকিৎসা সামগ্রী গ্রহণকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের এই সংকটময় সময়ে বেসরকারি খাতের এমন মানবিক ও মহৎ উদ্যোগ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ায় ডা. জামিলুর রহিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের সহযোগিতা মহামারি বা রোগ প্রাদুর্ভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামালসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, হস্তান্তর করা আধুনিক ভেন্টিলেটর ও অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগে আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় দ্রুত ব্যবহার করা হবে।

ভোরের আকাশ/সু.পা

হাম মোকাবিলায় ‘স্কশিয়া কনসালট্যান্টসে’র চিকিৎসা সরঞ্জাম সহায়তা | স্বাস্থ্য কথা