বিশ্ব বাত দিবসে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

ছবি: সংগৃহীত
বিশ্ব বাত দিবস উপলক্ষে শিশুদের বাত ও জয়েন্টের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলায় এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিশু-কিশোরদের জন্য সচেতনতামূলক আলোচনা, বাত ও জয়েন্টের সমস্যা সম্পর্কে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. ইমনুল ইসলাম ইমন, ডা. মৌসুমী আহমেদ মৌরী, ডা. ইসমাত জাহান ফেরদৌসী ও ডা. রেজওয়ানা রহমান। তাঁরা শিশুদের দীর্ঘদিনের জয়েন্টে ব্যথা, ফোলা, সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, হাঁটাচলায় অসুবিধাসহ বিভিন্ন উপসর্গ সম্পর্কে অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
কর্মসূচিতে অংশ নেওয়া রোগী ও অভিভাবকদের অধিকাংশই আয়োজনটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানান। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও আন্তরিক সেবায় তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের অন্যান্য স্বাস্থ্যসেবার মান ও সেবাদানের অভিজ্ঞতা নিয়েও সন্তোষ জানান তাঁরা।
আলোক কর্তৃপক্ষ জানায়, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শিশু ও তাদের পরিবারের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা



