হাম ও ক্যান্সার প্রতিরোধে সহযোগিতা দিতে চায় ভারতের পিআইএমএস হাসপাতাল

ছবি: সংগৃহীত
বাংলাদেশে হাম, ভাইরাস জ্বরসহ ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ভারতের রাজস্থানের উদয়পুরে অবস্থিত পিআইএমএস (মাল্টি সুপার স্পেশালিটি) হাসপাতাল। শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এ প্রস্তাব দেয়।
পিআইএমএস অনকো সার্জারি সার্ভিসের পরিচালক কুরেশ বামবারা জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে তারা অভিজ্ঞ চিকিৎসক দল পাঠাতে প্রস্তুত। পাশাপাশি অডিও-ভিডিও মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম ও চিকিৎসা বিষয়ক কারিগরি সহায়তাও দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
কুরেশ বামবারা আরও বলেন, ভারতের বড় হাসপাতালগুলোর তুলনায় কম খরচে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। বাংলাদেশি রোগীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা, দ্রুত নথিপত্র প্রক্রিয়াকরণ এবং ফলো-আপ সেবার সুবিধার কথাও উল্লেখ করেন তিনি।
হাসপাতালের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি বিভাগের পরিচালক ডা. কামাল কিশোর বিষ্ণু জানান, লিভার, প্যানক্রিয়াস ও পিত্তথলির জটিল অস্ত্রোপচারসহ আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে পিআইএমএস-এ। তিনি বলেন, কিছু প্রাইভেট ওয়ার্ডেও আইসিইউ-মানের মনিটরিং ব্যবস্থা রয়েছে এবং রোগীদের জন্য স্বচ্ছ ও অতিরিক্ত চার্জবিহীন সেবা নিশ্চিত করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় চিকিৎসকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। একইসঙ্গে বাংলাদেশি চিকিৎসকদের রাজস্থানের এই হাসপাতালে কাজের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করা হয়।
পিআইএমএস কর্তৃপক্ষ জানায়, তাদের হাসপাতালে নিয়মিত চিকিৎসা গবেষণা হয় এবং ক্যান্সার সার্জারিতে আধুনিক ‘টিউমার ম্যাপিং’ ও ‘মিনিমালি ইনভেসিভ টেকনিক’ ব্যবহার করা হচ্ছে। হাসপাতালের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যানেজার অনিতা রায় বলেন, সীমান্ত ছাড়িয়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণই তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে তারা আগ্রহী বলেও জানান তিনি।
ভোরের আকাশ/সু.পা



