স্বাস্থ্য প্রশাসন

হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ (সন্দেহজনক) নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬৬ জন সন্দেহজনক এবং ১১১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত ‘হাম সংক্রান্ত পরিস্থিতি’ বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৬ জুন সকাল ৮টা থেকে ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের পরিসংখ্যান এটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে, যেখানে তিনজন মারা গেছেন। জেলা হিসেবে সর্বোচ্চ দুইজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৬৬ জনসহ দেশে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় ১১১ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ১০ হাজার ৬৩৪ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ৭৩ হাজার ২৭৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

ভোরের আকাশ/সু.পা

হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ