হাম-রুবেলা টিকাদানে সূর্যের হাসি নেটওয়ার্কের সক্রিয় ভূমিকা

ছবি: সংগৃহীত
হাম-রুবেলার ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করাকে একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকারের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সঙ্গে একাত্ম হয়ে মাঠপর্যায়ে কাজ করছে সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিকসমূহ।
সংস্থাটির স্বাস্থ্যকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করছেন। এই কার্যক্রম শিশুমৃত্যু হ্রাস, রোগ প্রতিরোধ এবং একটি সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতি বছর সরকারের এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) কর্মসূচির পাশাপাশি নিজস্ব উদ্যোগেও সূর্যের হাসি নেটওয়ার্ক লক্ষ লক্ষ শিশুকে বিভিন্ন জীবনরক্ষাকারী টিকা প্রদান করে থাকে। এসব টিকার মধ্যে রয়েছে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পোলিও, হাম, রুবেলা, ডায়রিয়া, চিকেনপক্স এবং কলেরার মতো প্রতিরোধযোগ্য রোগের টিকা।
সংস্থাটির তথ্যমতে, গত পাঁচ বছরে প্রায় ৫০ লাখ টিকা প্রদান করা হয়েছে। তবে টিকাদান ক্যাম্পেইনের সময় অতিরিক্ত চাপ ও সীমিত সময়ের কারণে মাঠপর্যায়ে প্রদত্ত সব টিকার পূর্ণাঙ্গ হিসাব নথিভুক্ত করা সম্ভব হয় না, ফলে বাস্তবে প্রদত্ত টিকার সংখ্যা রেকর্ডের তুলনায় বেশি হতে পারে।
এছাড়া কিশোরী ও মায়েদের জরায়ুমুখ ক্যান্সার, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিসসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগের টিকাও প্রদান করা হচ্ছে।
ইউএসএইড-এর অর্থায়নে যাত্রা শুরু করা সূর্যের হাসি ক্লিনিকসমূহ গত ২৯ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর ও মফস্বল পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এর মাধ্যমে গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ, নিরাপদ প্রসব এবং প্রসব-পরবর্তী মা ও নবজাতকের সেবা প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি মা ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ এবং মাতৃ ও শিশুমৃত্যুহার হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সীমিত সম্পদ ও অনুদাননির্ভর বাস্তবতার মধ্যেও প্রতিষ্ঠানটি সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা দিয়ে জনগণের আস্থার জায়গা তৈরি করেছে।
বর্তমান হাম পরিস্থিতি বিবেচনায় অভিভাবক ও পরিচর্যাকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন তাদের শিশুদের বয়স অনুযায়ী নির্ধারিত টিকা গ্রহণ নিশ্চিত করেন। নিকটস্থ সূর্যের হাসি ক্লিনিক, সরকারি স্বাস্থ্যকেন্দ্র অথবা অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের হামসহ অন্যান্য প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব।
ভোরের আকাশ/সু.পা



