স্বাস্থ্য সেবা

আতঙ্কে দেশ

হামে এক মাসে প্রায় ১৯৮ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে উদ্বেগজনক হারে শিশুমৃত্যু বেড়েছে। গত এক মাসে সারা দেশে এ ধরনের রোগে মোট ১৯৮ শিশু মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে ৩২ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত। একই সময়ে হাম সন্দেহে বা উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৬ শিশু।

এই সময়ে সারাদেশে হাম ও হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হাম ও সন্দেহভাজন হামজনিত কারণে ৩ শিশু মারা গেছে। এর মধ্যে ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানা গেছে। একই সময়ে নতুন করে ৭৬ শিশু আক্রান্ত হয়েছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগ–এ। এখানে এক মাসে ৯৪ শিশু মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ শিশু দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে ৬৭ জনের মৃত্যু এবং ৪ হাজার ৫৫৬ শিশু আক্রান্ত হয়েছে। অন্যদিকে সবচেয়ে কম আক্রান্ত হয়েছে রংপুর বিভাগ–এ। এখানে ৬৪৪ শিশু আক্রান্ত হলেও গত এক মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ হলেও টিকা কাভারেজ কমে যাওয়া এবং স্বাস্থ্য সচেতনতার অভাবে পরিস্থিতি জটিল হচ্ছে। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভোরের আকাশ/সু.পা

হামে এক মাসে প্রায় ১৯৮ শিশুর মৃত্যু | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ