স্বাস্থ্য সেবা

বাংলাদেশে হামের প্রকোপ

কোন বয়সি শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে

হাম আক্রান্ত শিশু। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশে হঠাৎ করেই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি বছরে সারাদেশের হাসপাতালগুলোতে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬৭৬ শিশু। এ ছাড়া হামের কারণে এখন পর্যন্ত ৪১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেলেও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ৩৩ শিশুর মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হামের সংক্রমণ রোধ করতে একটি এলাকায় অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকা দিতে হয়। তবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় এই হার অনেক এলাকায় পূরণ হয়নি। ২০২০ সালের কোভিড-১৯ মহামারি, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিশেষ টিকাদান ক্যাম্পেইন বন্ধ থাকার কারণে শিশুদের টিকাদান ব্যাহত হয়েছে।

কোন বয়সি শিশুরা হামে আক্রান্ত হচ্ছে

হামে আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হয়ে যে শিশুরা মারা গেছে তাদের অধিকাংশের বয়স ৯ মাসের কম। ইপিআই এর উপপরিচালক মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এখন পর্যন্ত আক্রান্ত ৩৩ শতাংশ শিশুর বয়স ৯ মাসের কম। এই কারণে সতকাল সোমবার সকালে ‘ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি’র সভা বসেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে সামনের ক্যাম্পেইনে ৬ মাসের বেশি বয়সি শিশুদের এই টিকা দেওয়া হবে।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, হাম করোনার চেয়েও বেশি ছোঁয়াচে৷ একজন হামের রোগী ১৫ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে। এখন কোন বয়সের বাচ্চা টিকা পাবে সেটা তো অনেক গবেষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক করেছে। এখন এই শিশুদের আশপাশে যারা আছে তাদের ইউমিনিট যদি তৈরি হতো তাহলে তো এই বাচ্চারা আক্রান্ত হতো না। ফলে বয়স ৯ মাস থেকে কমিয়ে ৬ মাসে আনলেই সমস্যার সমাধান হবে না। নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যহত রেখে এর সমাধান খুঁজতে হবে।

হঠাৎ করেই কি হামের প্রাদুর্ভাব

চিকিৎসকরা বলছেন, হামের ভাইরাস অত্যন্ত সংক্রামক। এতে এক রোগী থেকে অন্তত ১৮ জন সংক্রমিত হতে পারে।  টিকাদানের ঘাটতি ছাড়া অপুষ্টি, মাতৃদুধের অভাব, কৃমিনাশক ওষুধের অনুপস্থিতি এবং শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা এই প্রকোপের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।  

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এ আর এম সাখাওয়াত হোসেন জানান, এই হাসপাতালে গত তিন মাসে মারা যাওয়া ২৪ জনের মধ্যে আটজন জলবসন্ত আক্রান্ত হয়ে এবং একজন টিটেনাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু হয়েছে ১৫ জন। এর বাইরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, বরিশাল বিভাগে ৭ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন এবং রাজশাহী, পাবনা ও গোপালগঞ্জে একজন করে শিশু মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ শিশু মারা যায়। এদের মধ্যে ১ জনের হাম পরীক্ষা পরে শনাক্ত করা গেছে। বাকিগুলো এখনো শনাক্ত হয়নি।

কোন বয়সি শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ