স্বাস্থ্য সেবা

ক্যানসার প্রতিরোধে ব্যক্তিকেন্দ্রিক টিকার ট্রায়ালে সাফল্য

ছবি: সংগৃহীত

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। ব্যক্তির ক্যানসার কোষের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তৈরি একটি ব্যক্তিকেন্দ্রিক টিকা ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে প্রয়োগ করে ত্বকের ক্যানসারের এক ধরনের রোগ মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমানোর সাফল্য পাওয়া গেছে ক্লিনিক্যাল ট্রায়ালে।

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক ও মডার্নার যৌথ উদ্যোগে তৈরি টিকাটি উচ্চ ঝুঁকির মেলানোমায় আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের পর দেওয়া হয়। একই সঙ্গে তাদের কিট্রুডা নামের একটি ইমিউনোথেরাপির ওষুধ দেওয়া হয়।

মার্ক ও মডার্নার যৌথ ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষার ফলাফলে টিকা ও কিট্রুডার সম্মিলিত চিকিৎসা নেওয়া রোগীদের ক্যানসারমুক্ত থাকার সময় শুধু কিট্রুডা নেওয়া রোগীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। একই সঙ্গে শরীরের অন্যান্য অংশে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে।

‘ইন্টিসমেরান’ নামের টিকাটি ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতিতে তৈরি করা হয়। অর্থাৎ প্রতিটি রোগীর ক্যানসার কোষে থাকা নির্দিষ্ট বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আলাদাভাবে টিকাটি প্রস্তুত করা হয়। এর উদ্দেশ্য হলো রোগীর রোগপ্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে ক্যানসার কোষ শনাক্ত ও আক্রমণের জন্য আরও কার্যকরভাবে প্রস্তুত করা।

তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে এক হাজারের বেশি রোগী অংশ নেন। অস্ত্রোপচারের পর তাদের সবারই ক্যানসার ফিরে আসার উচ্চ ঝুঁকি ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের মেলানোমায় আক্রান্ত রোগীরাও ছিলেন।

গবেষকদের এই ফলাফলকে ক্যানসার চিকিৎসায় সম্ভাবনাময় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অস্ত্রোপচারের পর ক্যানসার পুনরায় ফিরে আসা ঠেকাতে ব্যক্তিকেন্দ্রিক টিকার ব্যবহার নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

তবে বিশেষজ্ঞরা এখনই চূড়ান্ত সিদ্ধান্তে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ, ট্রায়ালের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি এবং স্বাধীন বিশেষজ্ঞদের বিস্তারিত পর্যালোচনাও সম্পন্ন হয়নি। এ ছাড়া টিকার মাধ্যমে পাওয়া সুবিধা দীর্ঘমেয়াদে কতটা স্থায়ী হবে, সেটিও এখনো স্পষ্ট নয়।

ক্লিনিক্যাল ট্রায়ালের সব ধাপ সম্পন্ন হওয়ার পর চিকিৎসাটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্যসেবা বা এনএইচএসের আওতায় এটি ব্যবহারের ক্ষেত্রেও পৃথক মূল্যায়ন ও অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গবেষণার ফলাফল পরবর্তী ধাপে নিশ্চিত হলে, অস্ত্রোপচারের পর ক্যানসার ফিরে আসার উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের চিকিৎসায় ব্যক্তিকেন্দ্রিক টিকা নতুন একটি সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন গবেষকরা।

ভোরের আকাশ/সু.পা

ক্যানসার প্রতিরোধে ব্যক্তিকেন্দ্রিক টিকার ট্রায়ালে সাফল্য | স্বাস্থ্য কথা