স্বাস্থ্য সেবা

বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণে চীন-পাকিস্তানের সহযোগিতার প্রস্তাব: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে চীন ও পাকিস্তান সহযোগিতার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চীনের হাসপাতালগুলোতে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও কাজ শেখার সুযোগ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটকে ১৩৫ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন তাদের দুয়ার খুলে দিয়েছে। আমাদের চিকিৎসকদের ফেলোশিপে পাঠাতে বলছে। দেশটির প্রতিটি হাসপাতালে যেন বাংলাদেশি চিকিৎসকদের প্রবেশের সুযোগ থাকে, সে ব্যবস্থাও তারা করবে। তারা বাংলাদেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে। প্রয়োজনে আমাদের চিকিৎসকদের চীনে নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।’

পাকিস্তানের সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পাকিস্তান বলেছে, এখান থেকে ক্যান্সারের রোগী নিয়ে যাবে এবং তারা চিকিৎসা করবে। আবার তারা বাংলাদেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে।’

এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

থ্যালাসেমিয়া ও এইচআইভি প্রসঙ্গে চিকিৎসকদের চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়ার প্রকোপ বাড়ছে। চিকিৎসকদের পাশাপাশি জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করা জরুরি।

বিয়ের আগে বর-কনের থ্যালাসেমিয়া পরীক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্বামী ও স্ত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে তাঁদের সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই বিয়ের আগে ছেলে ও মেয়ের রক্ত পরীক্ষা করানো উচিত।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, শুধু চিকিৎসার মাধ্যমে সব রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি চিকিৎসকেরা যেখানেই যাবেন, সেখানেই থ্যালাসেমিয়া, এইচআইভি ও সংক্রামক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। হাত ধোয়া ও পরিচ্ছন্নতার মতো বিষয়েও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ শিশু হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক এবং ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।

 

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণে চীন-পাকিস্তানের সহযোগিতার প্রস্তাব: স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা