কক্সবাজারে স্বাস্থ্যসেবা নিয়ে ওপিসিএ ও গ্রামীণ হেলথটেকের গোলটেবিল

ছবি: সংগৃহীত
কক্সবাজারে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে বিদ্যমান স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ, সেবার ঘাটতি ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের আরআরআরসি কনফারেন্স হলে ওপিসিএ ও গ্রামীণ হেলথটেক লিমিটেড (সুখী) যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। আলোচনার পাশাপাশি বাস্তব সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বৈঠকে আরআরআরসি (ক্যাম্প-৪ এক্সটেনশন ও ক্যাম্প-৬), অ্যাকশনএইড বাংলাদেশ, ব্র্যাক, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি), ডিপিএইচই, হেলভেটাস বাংলাদেশ, আইএফআরসি, আইওএম, আইআরসি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, এনজিও প্ল্যাটফর্ম ও ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে কক্সবাজারের সিভিল সার্জনও উপস্থিত ছিলেন।
এ ছাড়া ওপিসিএর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলমগীর এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি বৈঠকে অংশ নেওয়া অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ হেলথটেকের চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল।
বৈঠকে গ্রামীণ হেলথটেকের ইন্টারন্যাশনাল পার্টনারশিপ লিড ড. ফাহরিন হান্নান এফডিএমএন ও স্থানীয় জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। প্রতিষ্ঠানটির চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ড. হোসেন মো. আল-আমিন মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ করেন। পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার সম্ভাব্য পদক্ষেপগুলো তুলে ধরেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা কক্সবাজার অঞ্চলের বিদ্যমান স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ ও সেবার ঘাটতি নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্বাস্থ্যসেবা কীভাবে বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থা ও মানবিক সাড়াদান কার্যক্রমের পরিপূরক হিসেবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয় জোরদার, রোগী রেফারেল পদ্ধতি, চিকিৎসার ধারাবাহিকতা এবং স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। আলোচনার মাধ্যমে ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও বাস্তব সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা



