মানসিক চিকিৎসকদের প্রশিক্ষণে চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আলোচনা : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
মানসিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসকদের পেশাগত দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বরাদ্দ বাড়ানো এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী নতুন ৫০০ জন চিকিৎসক যোগদান করেছেন। তাঁদের উচ্চতর প্রশিক্ষণের জন্য চীন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দেশে উন্নত রোবোটিক সার্জারির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় পাবনা মানসিক হাসপাতালকে বিনোদনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানান মন্ত্রী। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, মানসিক রোগীদের যথাযথ চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিত করতে হাসপাতালের উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। মানসিক রোগের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলায় মানসম্মত চিকিৎসার পাশাপাশি গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরিতে বিশেষ নজর দিতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় গবেষণা কোনো অতিরিক্ত ব্যয় নয়; বরং এটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এ খাতে জাতীয় পর্যায়ে বৃহৎ পরিসরে গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, মানসিক স্বাস্থ্যসেবা শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে জেলা হাসপাতালগুলোতে নিরাপদ কাউন্সেলিং সেবা চালু করা হবে। এতে সাধারণ মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীর দক্ষতা বাড়াতে স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স চালুর ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডা. এ কে এম আজিজুল হক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের হেলথ ইমারজেন্সি বিভাগের প্রধান অ্যান্টনি এশফেনি।
ভোরের আকাশ/সু.পা



