টেকনোলজিস্ট

মেডিকেল টেকনোলজিস্টদের পদোন্নতি ও পেশাগত স্বীকৃতি চায় বিএমটিএ

ছবি: সংগৃহীত

মেডিকেল টেকনোলজিস্টদেরও পেশাগত মর্যাদা, স্বীকৃতি এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি বলে মন্তব্য করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)। বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) সংগঠনটির মহাসচিব মো. শামীম শাহ স্বাক্ষরিত এক বাণীতে এ দাবি জানানো হয়।

বাণীতে বলা হয়, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাবরেটরি, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টাল, ফার্মেসিসহ বিভিন্ন স্বাস্থ্য প্রযুক্তি খাতে তারা নিরলসভাবে কাজ করে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস উপলক্ষে সংগঠনটি এ পেশার সঙ্গে সংশ্লিষ্টদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ন্যায্য মর্যাদা, পেশাগত স্বীকৃতি, ক্যারিয়ার উন্নয়নের সুযোগ এবং জনবল কাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।

বিএমটিএ জানায়, আধুনিক মেডিকেল টেকনোলজির পথিকৃৎ হিসেবে ডা. ডমিনিক জ্যঁ লারে (Dominique Jean Larrey)-কে স্মরণ করা হয়। ১৭৬৬ সালের ৮ জুলাই জন্ম নেওয়া এই ফরাসি সামরিক সার্জন নেপোলিয়ন বোনাপার্টের সেনাবাহিনীতে প্রধান সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি আধুনিক ট্রায়াজ (Triage) পদ্ধতির সূচনা করেন, যা পরবর্তীতে আধুনিক অ্যালাইড হেলথ ও মেডিকেল টেকনোলজি সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনটির ভাষ্য, সময়ের সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি, রেডিওলজি, ডেন্টাল, ফিজিওথেরাপি, ক্রিটিক্যাল কেয়ারসহ বিভিন্ন মেডিকেল টেকনোলজি শাখার ব্যাপক বিস্তার ঘটেছে। বর্তমানে রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসকদের কার্যকর সহায়তা প্রদানে মেডিকেল টেকনোলজিস্টরা অপরিহার্য ভূমিকা পালন করছেন।

বিএমটিএ জানায়, স্বাধীনতার দীর্ঘ সময় পর ২০১৮ সালে নন-মেডিকেল গেজেটের মাধ্যমে ‘টেকনিশিয়ান’ পদবির পরিবর্তে ‘মেডিকেল টেকনোলজিস্ট’ পদবি স্বীকৃতি পেলেও এখনো তাদের জন্য পৃথক পেশাগত কাউন্সিল গঠন করা হয়নি। এছাড়া উচ্চশিক্ষার সুযোগ থাকলেও পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়নের পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ সংগঠনটির।

বাণীতে আরও বলা হয়, সরকার অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। দ্রুত এ বোর্ড প্রতিষ্ঠা এবং চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের মতো মেডিকেল টেকনোলজিস্টদেরও সমান পেশাগত মর্যাদা ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে স্বাস্থ্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিএমটিএ।

প্রতি বছর ৮ জুলাই বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস পালনের মাধ্যমে আধুনিক মেডিকেল টেকনোলজির বিকাশে ডা. ডমিনিক জ্যঁ লারের অবদান স্মরণ করা হয় বলেও বাণীতে উল্লেখ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

মেডিকেল টেকনোলজিস্টদের পদোন্নতি ও পেশাগত স্বীকৃতি চায় বিএমটিএ | স্বাস্থ্য কথা