পরিবেশ ও জনস্বাস্থ্য গবেষণায় আইসিডিডিআর,বি ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগ

ছবি: সংগৃহীত
দেশের পরিবেশগত ও জনস্বাস্থ্যগত বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর।
সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই অংশীদারত্বের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের নীতিনির্ধারণী সক্ষমতা এবং আইসিডিডিআর,বি-এর বৈজ্ঞানিক দক্ষতার সমন্বয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রমাণভিত্তিক গবেষণা পরিচালনা করা হবে।
যেসব বিষয়ে গবেষণা পরিচালিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে— জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব, বায়ুদূষণ ও পরিবেশগত নজরদারি, পরিবেশ দূষণকারী উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বৃদ্ধি।
সংশ্লিষ্টরা জানান, যৌথ গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য ও বৈজ্ঞানিক প্রমাণ দেশের পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক কার্যকর নীতিনির্ধারণে সহায়ক হবে। একই সঙ্গে টেকসই ও বাস্তবসম্মত সমাধান উদ্ভাবনেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ ইউনিটের প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান দুই প্রতিষ্ঠানের সহযোগিতার বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় ড. তাহমিদ আহমেদ ও ড. মো. লুৎফর রহমান বলেন, দুই প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে উচ্চমানের বৈজ্ঞানিক প্রমাণ তৈরি করা সম্ভব হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণকে আরও শক্তিশালী করবে। এর সুফল দেশের মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তারা আরও বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞানকে কার্যকর উদ্যোগে রূপ দিয়ে একটি সুস্থ, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে দুই প্রতিষ্ঠান একযোগে কাজ করে যাবে।
ভোরের আকাশ/সু.পা



