স্বাস্থ্য সেবা

সক্ষম ভাবেই আমরা হাম মোকাবিলা করিছ : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশে হামের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হলে পরিস্থিতি আরও উন্নতি হবে এবং এক সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে আসতে পারে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামের বিরুদ্ধে সরকার সক্ষমতার সঙ্গে লড়াই করছে এবং ভ্যাকসিনকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে এ লড়াই চালিয়ে যাচ্ছে।

টিকার ঘাটতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে মন্ত্রী বলেন, দেশে কোনো টিকার সংকট নেই। বর্তমানে যে পরিমাণ টিকা মজুত রয়েছে, তা দিয়ে অন্তত জুন মাস পর্যন্ত নির্বিঘ্নে কার্যক্রম চালানো সম্ভব। তবে .০৫ সিরিঞ্জের সামান্য ঘাটতি রয়েছে, যা দ্রুত পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিসেফের মাধ্যমে আংশিক সরবরাহ শিগগিরই আসবে এবং মে মাসের মধ্যে পুরো ঘাটতি পূরণ হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা ঢাকায় আসায় রাজধানীর হাসপাতালগুলোতে চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা সেবা চালু করা হয়েছে। জনবল ঘাটতির বিষয়টিও চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

দেশব্যাপী টিকাদান কার্যক্রম বাস্তবায়নে ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তার বিশ্বাস, বৃহৎ পরিসরে টিকাদান শুরু হলে হামের বিস্তার আরও কমে আসবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

 

সক্ষম ভাবেই আমরা হাম মোকাবিলা করিছ : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ