স্বাস্থ্য সেবা

সম্মিলিত উদ্যোগে নিয়ন্ত্রণে এসেছে হাম : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে হাম পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় হাম পরিস্থিতি বেশ উদ্বেগজনক ছিল। তবে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এখন তা নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।

শিশুদের পুষ্টির ক্ষেত্রে মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এর কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমানে অনেক মা ব্রেস্টফিডিং থেকে দূরে সরে যাচ্ছেন, যা উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের শারীরিক গঠন তুলনামূলক দুর্বল হয় এবং তারা স্বাস্থ্যঝুঁকিতে বেশি থাকে।

পুষ্টিকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আহ্বান জানান, তারা যেন ঘরে ঘরে গিয়ে মায়েদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতন করেন।

কর্মজীবী মায়েদের প্রসঙ্গে তিনি বলেন, কাজের ব্যস্ততার মাঝেও শিশুদের অন্তত দিনে দুইবার বুকের দুধ খাওয়ানো সম্ভব, যদি সচেতনতা থাকে।

এছাড়া সমাজ থেকে মাদক নির্মূলে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর শিশুদের ঘরের বাইরে না রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

ভোরের আকাশ/সু.পা

সম্মিলিত উদ্যোগে নিয়ন্ত্রণে এসেছে হাম : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ