স্বাস্থ্য সেবা

সংকট এড়াতে ৬ মাসের টিকা মজুত রাখার পরিকল্পনা : স্বাস্থ্যমন্ত্রী

ছবি- ভোরের আকাশ

সারা দেশে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্ক সংলগ্ন লিটল এঞ্জেলস সেমিনারিতে আয়োজিত “দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ।

মন্ত্রী জানান, ভবিষ্যতে যে কোনো টিকার ঘাটতি এড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, আগামী অর্থবছর থেকে ১৫ মাসের চাহিদা বিবেচনায় সব ধরনের টিকা ও সরঞ্জাম সংগ্রহ করা হবে। পাশাপাশি সবসময় অন্তত ৬ মাসের টিকা মজুত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে, যাতে কোনো সংকট তৈরি না হয়।

তিনি বলেন, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে স্বাস্থ্যখাত পিছিয়ে পড়েছে। তবে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চালু করেছে। তিনি শিশুদের পুষ্টির বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, শুধুমাত্র ওষুধ নয়, সচেতনতা জরুরি। বিশেষ করে মায়ের দুধ শিশুদের জন্য সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক উপায়। তাই মায়েদের নিয়মিত ব্রেস্টফিডিং নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এ সময় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি ডা. রাজেশ নারওয়ালসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর শাহজাদপুরে লাইট ফেয়ার স্কুল কেন্দ্রে "দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬" এর কার্যক্রম পরিদর্শন করেন ও অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বিশেষ দূত চার্লস হার্ডার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। 

 

সংকট এড়াতে ৬ মাসের টিকা মজুত রাখার পরিকল্পনা : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ