স্বাস্থ্য সেবা

সন্তানের উচ্চতা নিয়ে ভাবছেন, স্কিপিং ছাড়াই লম্বা হওয়ার উপায়

ছবি: সংগৃহীত

শিশুর উচ্চতা বাড়াতে শুধু স্কিপিং বা সাঁতারই ভরসা নয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কিছু সহজ ব্যায়াম, স্ট্রেচিং ও যোগাসন চর্চা করলে স্বাভাবিকভাবেই উচ্চতা বৃদ্ধিতে সহায়তা পাওয়া যায়। সঠিক দেহভঙ্গি, পুষ্টিকর খাদ্য এবং শারীরিক অনুশীলন—সবকিছুই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিশুর বেড়ে ওঠার সময়ে উচ্চতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায়, সমবয়সীদের তুলনায় কারও উচ্চতা কম থাকে বা বয়স বাড়লেও কাঙ্ক্ষিত বৃদ্ধি ঘটে না। যদিও উচ্চতার ক্ষেত্রে বংশগতির প্রভাব রয়েছে, তবে পুষ্টির অভাব, গ্রোথ হরমোনের ঘাটতি কিংবা থাইরয়েড হরমোনের সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। তাই শিশুর উচ্চতা ও ওজন স্বাভাবিকের চেয়ে কম হলে শুরু থেকেই সচেতন হওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সুষম খাদ্যের পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যায়াম ও যোগাসন হাড়ের গঠন মজবুত করে এবং গ্রোথ হরমোনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

যে ব্যায়ামগুলো উচ্চতা বৃদ্ধিতে সহায়ক

ক্যাট স্ট্রেচ (Marjariasana)
এই ব্যায়াম মেরুদণ্ড সোজা রাখতে এবং কাঁধ ও বুকের পেশি শক্তিশালী করতে সাহায্য করে। হামাগুড়ি ভঙ্গিতে থেকে শ্বাস নিতে নিতে পিঠ উপরের দিকে বাঁকাতে হবে এবং কিছুক্ষণ ধরে রেখে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে। এতে রক্ত সঞ্চালনও বাড়ে।

তাড়াসন (Tadasana)
উচ্চতা বৃদ্ধির জন্য খুবই কার্যকর একটি আসন। সোজা হয়ে দাঁড়িয়ে হাত উপরে তুলে শরীর টানটান করে রাখতে হয়। গোড়ালি মাটি থেকে তুলে কিছুক্ষণ ভর ধরে রাখলে পুরো শরীরে টান পড়ে, যা হাড়ের বৃদ্ধি সহায়তা করে।

ফরওয়ার্ড বেন্ডিং স্ট্রেচ
মেঝেতে বসে দুই পা সামনে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে পায়ের আঙুল ছোঁয়ার চেষ্টা করতে হয়। নিয়মিত অভ্যাসে শরীর নমনীয় হয় এবং পেশির প্রসারণ ঘটে।

বৃক্ষাসন (Vrikshasana)
এই আসন শরীরের ভারসাম্য রক্ষা, পায়ের পেশি শক্তিশালী করা এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে। এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে অন্য পা উরুর উপর তুলে ভারসাম্য ধরে রাখতে হয়।

নিয়মিত এসব ব্যায়াম চর্চার পাশাপাশি সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং সক্রিয় জীবনযাপন নিশ্চিত করলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও উচ্চতা উন্নত হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

সন্তানের উচ্চতা নিয়ে ভাবছেন, স্কিপিং ছাড়াই লম্বা হওয়ার উপায় | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ