স্বাস্থ্য সেবা

স্থানীয় পর্যায়েও হাম-রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন

ছবি: সংগৃহীত

হাম ও রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।

এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এতে অন্তর্ভুক্ত রয়েছে ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশন। বিশেষ এই ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত চলবে। অন্যদিকে দেশের বাকি অংশে টিকাদান কার্যক্রম চলবে ১২ মে পর্যন্ত।

কেন্দ্রীয় উদ্বোধনের পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।

এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় প্রথম ধাপে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। পরে দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি সিটি করপোরেশন—ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহে একযোগে কার্যক্রম চালু করা হয়। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

স্থানীয় পর্যায়েও হাম-রুবেলা টিকা কর্মসূচির উদ্বোধন | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ