চিকিৎসক

সুস্থ থাকতে মানসিক স্বাস্থ্যের যত্ন জরুরি : অধ্যাপক ডা. আজিজুল ইসলাম

ছবি: সংগৃহীত

শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। মানুষের চিন্তা, আবেগ, অনুভূতি, আচরণ ও কর্মক্ষমতার সঙ্গে মানসিক সুস্থতার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে প্রত্যেককে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

অধ্যাপক আজিজুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিষয়ক দিবসগুলো মানুষের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা সামগ্রিক স্বাস্থ্যের অবিচ্ছেদ্য অংশ। তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়টিকে সবাইকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তরুণেরাই ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দেবে। ইউএস-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন। কলেজের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবিনা হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজনীন সুলতানা, নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা সুরক্ষা ট্রাস্ট বোর্ডের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ডা. মুহাম্মদ গোলাম রব্বানী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুন নাহার এবং সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মনোরোগ বিভাগের বিশেষজ্ঞ উপদেষ্টা অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এএইচএম কাজী মোস্তফা কামাল।

এ ছাড়া সেমিনারে বক্তব্য দেন ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ডা. মো. এনায়েত করিম এবং উপাধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মাহবুবা সুলতানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডা. এ কে এম মাহবুবুল হক, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রওশন আরা খানম এবং সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুল মতিন।

ভোরের আকাশ/সু.পা

সুস্থ থাকতে মানসিক স্বাস্থ্যের যত্ন জরুরি : অধ্যাপক ডা. আজিজুল ইসলাম | স্বাস্থ্য কথা