স্বাস্থ্যখাতে নতুন উদ্যোগ: আসছে হেলথ কার্ড

ছবি: সংগৃহীত
জুন মাসের মধ্যেই দেশে হেলথ কার্ড চালুর পরিকল্পনা করছে সরকার। সামাজিক নিরাপত্তা জোরদার এবং কৃষি ও স্বাস্থ্যখাতে সেবা সম্প্রসারণের লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক লোকজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, নতুন বছরে দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে সরকার কাজ করছে এবং জুনের মধ্যে হেলথ কার্ড চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে জাতীয় ই-হেলথ আইডি বাস্তবায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের কর্মশালায় মন্ত্রী জানান, ই-হেলথ আইডি চালু হলে এটি স্বাস্থ্যখাতে একটি মৌলিক পরিচয়ব্যবস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে রোগীদের সঠিকভাবে শনাক্ত করা সহজ হবে এবং হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসা-সংক্রান্ত তথ্য নিরাপদে আদান-প্রদান করা যাবে।
তিনি আরও জানান, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চালু রয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে। ইতোমধ্যে রোগটির বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহারও কমেছে বলে জানান তিনি।
এদিন বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে মেলার আয়োজন করা হয়।
ভোরের আকাশ/সু.পা



