স্বাস্থ্য সেবা

স্বাস্থ্যসেবায় ফার্মেসিনির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ ডা. জুবাইদা রহমানের

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মঙ্গলবার (৫ মে) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তি এলাকার ৪২.৬ শতাংশ মানুষ স্বাস্থ্য সমস্যার প্রাথমিক সমাধানের জন্য স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন। তিনি বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

“ঢাকা-১৭ আসনে স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন” শীর্ষক এই সভায় কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, অসুস্থতা এখন দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এবং সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত ও বঞ্চিত অবস্থায় কাজ করতে হচ্ছে।

তিনি জানান, দেশে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজ পকেট থেকে বহন করতে হয়, যা সাধারণ মানুষের জন্য বড় চাপ তৈরি করছে।

ডা. জুবাইদা রহমান বলেন, লক্ষ্য হলো একটি সুস্থ, উৎপাদনশীল ও আত্মনির্ভর দেশ গড়ে তোলা। কড়াইল, ভাসানটেক ও সাততলার মানুষ যেন কখনো চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটিই মূল উদ্দেশ্য। নবজাতক থেকে প্রবীণ—সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, এসব এলাকায় বসবাসকারী মানুষরা শহরের জীবনযাত্রা সচল রাখলেও অনেকেই দৈনন্দিন স্বাস্থ্য সমস্যার জন্য ফার্মেসির ওপর নির্ভর করতে বাধ্য হন। এ অবস্থায় স্বাস্থ্যসচেতনতা বাড়াতে স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মিলে কাজ করলে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব।

এর আগে তিনি হাসপাতালের নতুন ৫০ শয্যার আইসিইউ ইউনিট, প্যাথলজি বিভাগ ও গ্যাস্ট্রোলিভার সেন্টার উদ্বোধন করেন এবং রোগীদের খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সরকারি ও স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন আইসিইউ ইউনিটে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবল দিয়ে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

ভোরের আকাশ/সু.পা

স্বাস্থ্যসেবায় ফার্মেসিনির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ ডা. জুবাইদা রহমানের | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ