স্বাস্থ্য সেবা

উপজেলা স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে প্রশিক্ষণে উদ্যোগ প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে সাভারে নির্মিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। পাশাপাশি, প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-কে মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) মহাখালীর নিপসম অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ডা. এম এ মুহিত বলেন, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি। এ কারণেই দেশের সব ৩০ ও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান স্বাস্থ্যব্যবস্থার চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার অবস্থা এখনও অনেক ক্ষেত্রে নাজুক। দীর্ঘদিন প্রয়োজনীয় বিনিয়োগের অভাব, দক্ষ জনবল নিয়োগে ঘাটতি এবং সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে পুরো ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিপসম পরিচালিত গবেষণার প্রশংসা করে তিনি বলেন, জাতীয় পর্যায়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রতিদিন যে বিপুল পরিমাণ স্বাস্থ্য-তথ্য সংগ্রহ করা হয়, তা বিশ্লেষণ করে উপজেলা পর্যায়েই স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) জন্য অনলাইন বা জুম প্ল্যাটফর্মে ডেটা ব্যবহারের কৌশল বিষয়ে পাইলট প্রকল্পের আওতায় কর্মশালা আয়োজনের আহ্বান জানান তিনি।

গবেষণায় তরুণ চিকিৎসকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পাবলিক মেডিকেল কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে নিপসমকে বিশেষ উদ্যোগ নিতে হবে। প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করে তিন থেকে ছয় মাসের মেন্টরিং দেওয়া হলে দেশে দক্ষ গবেষক তৈরির পথ আরও সুগম হবে।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু চিকিৎসক নিয়োগ দিলেই হবে না; প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের পেশাগত ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও সরকার অগ্রাধিকার দিচ্ছে। নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

উপজেলা স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে প্রশিক্ষণে উদ্যোগ প্রতিমন্ত্রীর | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ