ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে থামবে না মৃত্যুর মিছিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি কিংবা হাসপাতালের সংখ্যা বাড়িয়ে মানুষের মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, জনগণের চিকিৎসার জন্য বরাদ্দ অর্থের একটি টাকাও দুর্নীতির পকেটে যেতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো রোগ প্রতিরোধে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া। চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি খাদ্যে ভেজাল ও দুর্নীতি জনস্বাস্থ্যের জন্য বড় বাধা। দেশের বিভিন্ন জেলায় ডায়ালিসিস মেশিন ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলেও খাদ্যে ভেজাল বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তেই থাকবে।
এ সমস্যা মোকাবিলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতে আগামী কয়েক দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের প্রসঙ্গ তুলে ড. এম এ মুহিত বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতিকে বিন্দুমাত্র বরদাস্ত করবেন না। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত শক্তিশালীই হোন না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আয়োডিনের ঘাটতি দূর করতে নেওয়া উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক বছরে সম্মিলিত প্রচেষ্টায় আয়োডিনযুক্ত লবণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ফলে বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হয়েছে। তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী, এখনো প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন। এই জনগোষ্ঠীকে চিহ্নিত করে সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে তাদের কাছে আয়োডিনযুক্ত লবণ পৌঁছে দিতে হবে।
এ ছাড়া পুষ্টিহীনতায় ভোগা প্রতিবন্ধী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান ড. এম এ মুহিত। তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধী শিশুদের মধ্যে পুষ্টিহীনতার হার ৬০ থেকে ৭০ শতাংশ। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা ও বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
ভোরের আকাশ/সু.পা



