টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি সমন্বিত অংশগ্রহণ: অর্থমন্ত্রী

তিন দিনব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বিষয়ক জাতীয় অনুষ্ঠান ও সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে SDG বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্থমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব হলে সামগ্রিকভাবে দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে। তাই SDG বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ SDG অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, লক্ষ্য অর্জনে নির্ভরযোগ্য তথ্য, কার্যকর পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন ও বাস্তবায়নের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, SDG অর্জন শুধু সরকারের একার দায়িত্ব নয়। জাতীয় উন্নয়নের এই বৃহৎ লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বেসরকারি খাত, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সমাপনী বক্তব্যে তিনি তিন দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সম্মেলনে অনুষ্ঠিত আলোচনা, বিভিন্ন সুপারিশ ও অভিজ্ঞতা বিনিময় SDG বাস্তবায়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মঞ্জুর হোসেন ও প্রধানমন্ত্রীর SDG মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এসএম আবদুল আউয়াল উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ