দেশে ডলার সংকট নেই: গভর্নর

দেশে ডলার সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় প্রতিটি পণ্যের আমদানি আগের তুলনায় বেড়েছে। অতীতে অর্থপাচারের কারণে আমদানির হিসাব উলটো দেখানো হতো, এখন প্রকৃত তথ্য দৃশ্যমান।
তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার বিনিময়হার বাজারভিত্তিক করা হয়েছে এবং এতে কাঙ্ক্ষিত ফল মিলেছে। ব্যাংকিং খাতে এখন আমদানিতে কোনো সমস্যা নেই। যার সমস্যা, সেটা তার নিজের।
দেশের ব্যাংকিং খাতের দুরাবস্থা প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, আমরা ভেবেছিলাম ঋণখেলাপি হার ২০ শতাংশ হবে; কিন্তু এখন তা অকল্পনীয়ভাবে ৩৫ শতাংশে পৌঁছেছে। ধাপে ধাপে সব সমস্যা সমাধান করা হবে।
তিনি জানান, বন্ড মার্কেট, স্টক মার্কেট ও ইন্স্যুরেন্স খাতের দুর্বলতা ব্যাংকগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। এই আস্থাহীনতা থেকে বের হয়ে আসার ওপর তিনি জোর দেন।
পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূত কার্যক্রম প্রসঙ্গে গভর্নর বলেন, ইসলামী ধারার পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে।
ভোরের আকাশ/এসএইচ