পাঁচ শরিয়াহ ব্যাংককে অকার্যকর ঘোষণা
আর্থিক সংকট ও ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে শরিয়াভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক পৃথক চিঠিতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ স্থগিতের সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে জানানো হয়, এসব ব্যাংক এখন থেকে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর অধীনে পরিচালিত হবে। অকার্যকর ঘোষিত ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
পৃথক পৃথক চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানায়, এই পাঁচটি ব্যাংক এখন থেকে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর অধীনে পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব ব্যাংককে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রস্তাবিত নতুন ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। আজ থেকেই এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে। গভর্নর আগামী বৈঠকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরবেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয়, যা বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে হয়।
ভোরের আকাশ/এসএইচ